এম এ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দুই শিশু রামিশা ও আছিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলা মোড়ে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসাইল ইউনিয়ন আমির মো. মাহফুজার রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা আমির আ.জ.ম. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি একেএম ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মো. মজিবুর রহমান, শ্রীনগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. নুরুজ্জামান এবং সিরাজদিখান উপজেলা সেক্রেটারি মো. ওয়াশিম মিয়া।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে দ্রুত আইন সংশোধন করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। একইসঙ্গে ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, রামিশা ও আছিয়ার মতো নিষ্পাপ শিশুদের ওপর বর্বরোচিত নির্যাতন ও হত্যাকাণ্ড জাতিকে ব্যথিত করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে সংঘটিত আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিশার বাড়ি সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী এলাকায় এবং আছিয়ার বাড়ি বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে।

