আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মেহেদী হাসান সোহাগ। বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধি ধারা ৩৬ (২) এর ১৬ (১) অনুযায়ী তাঁকে পরবর্তী দুই (০২) বছরের জন্য এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২০ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রক্টর যোগদানের তারিখ থেকে তাঁর এই আদেশ কার্যকর হবে এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকলে যেকোনো একটির ভাতা ও সুবিধা পাবেন।
একই অফিস আদেশের মাধ্যমে জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের বিদায়ী প্রক্টর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালের পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। গত ১০ মে ২০২৬ তারিখ থেকে তাঁর এই পদত্যাগ গ্রহণ ও কার্যকর করা হলো।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, এই আদেশের অনুলিপি ইতিমধ্যে ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব, সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হয়েছে।

