আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দাবি বাস্তবতার সঙ্গে মেলে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে। চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সভ্য সমাজের আচরণ হতে পারে না।
তিনি আরও বলেন, কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অপরাধের অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা উচিত।
শরীয়তপুরের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার তা অস্বীকার করে পরিস্থিতি উন্নতির কথা বলছে।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতের শাসনামলের ভুল ও দুর্বলতা কাটিয়ে একটি সুশৃঙ্খল ও কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

