ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
মঙ্গলবার (১৯ মে) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই জানান স্মোতরিচ। তিনি দাবি করেন, চিফ প্রসিকিউটরের আবেদন অনুযায়ী তার বিরুদ্ধে গোপনে এই পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি বলেন, আইসিসির এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থানের প্রতিফলন এবং এটি তার দেশের নিরাপত্তার বিরুদ্ধে একটি পদক্ষেপ। একই সঙ্গে তিনি আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং এ ধরনের নির্দেশনা তিনি মানবেন না বলে মন্তব্য করেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং দখলদারিত্বের অভিযোগের ভিত্তিতে আইসিসি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কয়েকজন কর্মকর্তা ও দুইজন রাজনীতিবিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে একজন হলেন স্মোতরিচ।
অন্য রাজনীতিবিদ হিসেবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নামও উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। তবে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে স্মোতরিচ তার বক্তব্যে দাবি করেন, ঐতিহাসিক ও ধর্মীয় ভিত্তিতে পশ্চিম তীর ইহুদিদের ভূমি, এবং সেখান থেকে নিজেদের অবস্থান প্রত্যাহার করা হবে না।
ইসরায়েল সরকার আইসিসির এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করে একে পক্ষপাতদুষ্ট ও ইসরায়েলবিরোধী বলে আখ্যা দিয়েছে।

