যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালালে সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংগঠনটি দাবি করেছে, এমন পরিস্থিতিতে তাদের পাল্টা জবাব আরও বিস্তৃত ও কঠোর হবে, যা প্রতিপক্ষের ধারণার বাইরে থাকবে।
বুধবার (২০ মে) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘জায়নিস্ট ও আমেরিকান শত্রু’ হিসেবে উল্লেখ করে এই সতর্কবার্তা দেয়। তারা অভিযোগ করে, অতীতের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ওয়াশিংটন ও তেলআবিব আবারও চাপ ও হুমকির পথে এগোচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, পূর্ববর্তী হামলা ও উত্তেজনার সময় ইরান তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেনি। তবে ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে পরিস্থিতি ভিন্ন হবে এবং প্রতিক্রিয়া আরও ব্যাপক আকার ধারণ করবে।
আইআরজিসি সতর্ক করে জানায়, নতুন করে সংঘাত শুরু হলে তা আঞ্চলিক সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত রূপ নিতে পারে এবং প্রতিক্রিয়া এমন স্থানে পৌঁছাবে যা প্রতিপক্ষ কল্পনাও করতে পারবে না।
একটি ধর্মীয় উদ্ধৃতি উল্লেখ করে বাহিনীটি জানায়, তারা শুধু কথায় নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রদর্শনে প্রস্তুত।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের প্রতি পাল্টা কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলে সামরিক সরঞ্জাম ও প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

