সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলায় ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত ‘সুমা ফুড’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা,অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫২ ধারায় একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শহরের শাহ মোস্তফা রোড এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪, ১৬(১) ও ৪৯(১)(চ) ধারায় লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালনা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং সড়কে চলাচলের ক্ষেত্রে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন ও বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।

