আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে প্রস্তাবিত বগা সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে উত্তেজনাকর পরিস্থিতির মুখে স্থান ত্যাগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার দুপুরে বাউফল উপজেলার নির্ধারিত এলাকায় মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। পরে সংক্ষিপ্ত সময় অবস্থান করে সেতুমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানের মঞ্চ ও সাজসজ্জা নিয়ে কিছু বিষয়কে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে।
পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

