ভারতের সুপ্রিম কোর্ট রাস্তাঘাট ও জনবহুল এলাকা থেকে সব বেওয়ারিশ কুকুর অপসারণের আগের নির্দেশ বহাল রেখেছে। ২০২৫ সালের নভেম্বরে দেওয়া ওই রায় পুনর্বিবেচনার আবেদন মঙ্গলবার (১৯ মে) খারিজ করে দেন আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, জনসাধারণের স্থান যেমন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ক্রীড়া কমপ্লেক্স থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছিল।
সেই রায় সংশোধনের আবেদন খারিজ করে আদালত জানায়, ভবঘুরে কুকুরের আক্রমণের ঘটনা বর্তমানে জননিরাপত্তার জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে, বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে।
আদালত পর্যবেক্ষণে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন ঘটনায় শিশুদের আহত হওয়া, বয়স্কদের ওপর হামলা এবং বিদেশি পর্যটকদের আক্রান্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে।
রায়ে বলা হয়েছে, বেওয়ারিশ কুকুরকে শুধু টিকা দেওয়া বা বন্ধ্যাকরণের পর আবার আগের স্থানে ছেড়ে দেওয়া যাবে না। বরং সেগুলোকে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

