হাম নিয়ন্ত্রণে বেসরকারি হাসপাতালগুলোর জন্য ৬টি জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাম্প্রতিক সময়ে কিছু বেসরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক রোগী ভর্তি না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনাটি স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিক শাখা) পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষর করেন।
নির্দেশনায় বলা হয়েছে, সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে হাম রোগী ও সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে এবং ভর্তি হওয়ার আগেই চিকিৎসা নিশ্চিত করতে হবে।
এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ শয্যার মধ্যে অন্তত ৫ শতাংশ হাম রোগীদের জন্য রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২৫০ শয্যার হাসপাতালে কমপক্ষে ১২টি শয্যা এ উদ্দেশ্যে বরাদ্দ থাকতে হবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়, হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন দর্শনার্থী থাকতে পারবেন এবং রোগীর তথ্য নিয়মিতভাবে ইএমআইএস সার্ভারে (surveillance.dghs.gov.bd) আপলোড করতে হবে। প্রয়োজনে হটলাইন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮-এ যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে।
একই সঙ্গে হাম রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করার কথা বলা হয়েছে।

