দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে অতিরিক্ত অর্থের বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কমিউনিটি ক্লিনিক এর কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার কাজী ফাবিয়া জাহানের বিরুদ্ধে।
একাধিক দিন সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সকাল ৯টা-বিকাল ৩টা পর্যন্ত অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি প্রতিনিয়ত দেড় থেকে দুই ঘন্টা পরে অফিসে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই চলে যান।
রোগীদের অভিযোগ ঔষধের বিনিময়ে নগদ টাকা দাবি করেন তিনি। ঔষধের পরিমানের ওপর নির্ধারিত হয় টাকার অংক। ওজন মাপলে ১০ টাকা, প্রেসার মাপলে ১০ টাকা, নেবুলাইজার ব্যাবহারে ৫০ টাকা। এছাড়াও নিয়ম বহির্ভূতভাবে কমিউনিটি ক্লিনিক কক্ষে রোগীদের স্যালাইন পুশ করেন, যার বিনিময়ে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন।
কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রেনু বেগম বলেন, “আজ ২০ টাকা নিয়ে আসছি ২০ টাকার ঔষধ দিয়েছে আর টাকা ছিলো না তাই প্রেসার মাপতে পারি নাই, প্রেসার মাপাইলে ১০ টাকা লাগে।” ফিরোজা বেগম বলেন, “আমার কাছে টাকা নাই তাই প্রেসার মাপাইতে পারি নাই।” সুমি আক্তার বলেন, “টাকা দিয়াই তো ঔষধ নেওয়া লাগে ঔষধ বেশি হলে টাকা বেশি লাগে। ১পাতা ক্যালশিয়াম, ১পাতা ভিটামিন, ১পাতা কাঁশির ওষুধ আর ২টা খাবার স্যালাইন নিছি ৭০ টাকা দিয়া।” শিল্পি বলেন, “আমি এর আগের মাসে আয়রন, ভিটামিন, ক্যালশিয়াম, স্যালাইন নিছি ১৫০ টাকা রাখছে। আমার বাচ্চা হবে তাই এগুলাই দেয়।
কমিউনিটি ক্লিনিক এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, “প্রতিদিন ৫০-৬০ জন রোগী আসে সবার কাছ থেকেই টাকা নেয়। ভিতরে বসে স্যালাইনও দেয় হেইতে আরো ৩০০-৫০০ টাকা নেয়।
অভিযোগের ব্যাপারে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার কাজী ফাবিয়া জাহানের সাথে কথা বলতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে তার দাবি ভালো সেবা দেন তিনি। তিনি আরো বলেন, নিউজ করলে সেবা কমিয়ে দেবো।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল হাসান শাহীন বলেন “আমার কাছে এমন অভিযোগ আসেনি এ বিষয়ে আমি তদন্ত করে দেখবো। কমিউনিটি ক্লিনিকে বসে টাকা নেয়ার কোন নিয়ম নাই, এটা নিয়ে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।” তিনি আরো বলেন,”তার যদি কোন ডিগ্রি বা নার্সিং কোর্স করা থাকে তাহলে সে চেম্বারে বসে স্যালাইন দিতে পারে কিন্তু কমিউনিটি ক্লিনিকে স্যালাইন দেয়া যাবে না।

