দীপক কুমার দেব নাথ ,সরাইল (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (১৭ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় মিছিলটি বের হয়। পরে এটি স্থানীয় একটি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি হঠাৎ করেই শুরু হয় ,এসময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ মুন্নার নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্লোগান দেন। একই সঙ্গে তারা বাংলাদেশ আওয়ামী লীগের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান।
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের চলমান তেল ও গ্যাস সংকট, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও হামের টিকার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তবে মিছিলকারীরা বেশি সময় অবস্থান না করেই স্থান ত্যাগ করে ।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, “মিছিলের বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”তিনি আরও জানান, মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতোমধ্যে তথ্য সংগ্রহ করা হচ্ছে ,এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

