সত্যজিৎ দাস,
মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীকান্ত মালাকার (২৫) রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কুলাউড়াগামী একটি ট্রাকের সঙ্গে মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক শ্রীকান্ত মালাকার ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড় এলাকায় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

