জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আদর্শিক বা আকিদাগত ঐক্য হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
রোববার (১৭ মে) চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, জামায়াতের সঙ্গে তাদের আকিদা, বিশ্বাস ও চিন্তাগত অবস্থানে আগের মতোই পার্থক্য রয়েছে। চলমান রাজনৈতিক সমঝোতা কোনো আদর্শিক ঐক্য নয়, বরং এটি বর্তমান জাতীয় বাস্তবতায় একটি কৌশলগত রাজনৈতিক সমন্বয়।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন মতাদর্শের দল নিয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য গঠন করা হয়েছে। এই জোটে এমন দলও রয়েছে, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে ভিন্ন অবস্থান ধারণ করে।
তিনি হেফাজতে ইসলামের অবস্থান তুলে ধরে বলেন, সংগঠনটি কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শে পরিচালিত এবং দেশের ধর্মীয় ও জাতীয় স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে।

