সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):
নড়াইল জেলার লোহাগড়া থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আয়েশা করিমকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। যৌথ অভিযানের মাধ্যমে তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ের র্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ দল বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে আয়েশাকে উদ্ধার করে। সে নড়াইলের লোহাগড়া থানার বাসিন্দা ও সিঙ্গাপুরপ্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়,গত শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির সূত্র ধরে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী আয়েশার অবস্থান শনাক্ত করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ দল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পর আয়েশাকে বড়লেখা থানায় নেওয়া হয়। রবিবার (১৭ মে) বড়লেখা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, অবস্থান শনাক্ত হওয়ার পর পরিচালিত অভিযানে কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে নিরাপদে ফিরে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়েশার পরিবার ও স্বজনরা।

