প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করা।
শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও আমরা উৎপাদন আরও বাড়াতে চাই, যাতে কোনো মানুষ খাদ্যের জন্য কষ্ট না পায়। সঠিক সময়ে সেচ নিশ্চিত করা গেলে আমাদের উর্বর জমি থেকে আরও বেশি ফসল উৎপাদন সম্ভব।”
প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন। কৃষকের উন্নয়নই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।
নারীদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন, যা সন্তানদের যত্ন ও স্বাস্থ্যসেবায় ব্যবহার করা যাবে। এটি অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে বাস্তবায়ন করা হচ্ছে এবং আগামী বাজেটে বরাদ্দ আরও বাড়ানো হবে।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের শিক্ষার উন্নয়ন ও স্বাবলম্বী করা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা আগেই করা হয়েছিল এবং ভবিষ্যতে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিদেশে কর্মসংস্থান ও দেশে প্রশিক্ষণভিত্তিক কাজের সুযোগ তৈরি করা হলে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।

