মোঃ ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৭ জন কৃষি শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় নিহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এনামুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম, ড. মোঃ জিয়াউল হক এবং মুহাদ্দিস ড. মোঃ এনামুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ রমজান আলী, মোঃ মোসলেম উদ্দিন এবং মোঃ মুশফিকুর রহমান।
বক্তারা বলেন, কুমিল্লার মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত কৃষি শ্রমিকদের ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
অনুষ্ঠানে নিহত ৭ জন কৃষি শ্রমিকের পরিবারের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাসও প্রদান করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন কৃষি শ্রমিক নিহত হন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

