সরকার টাকা ছাপাচ্ছে—এ ধরনের প্রচারকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, টাকা ছাপানোর অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। সরকার এখন বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, অতীতে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকট তৈরি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত অনেক পরিবার চাপে পড়েছে। ব্যবসায়িক খাতেও বিনিয়োগ স্থবিরতা দেখা দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ এবং বিভিন্ন খাতে অনিয়ম ও অপব্যবস্থাপনার কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার অর্থনীতিকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার চেষ্টা করছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা নিয়েও আলোচনা হয়।

