কুমিল্লাকে বিভাগে উন্নীত করা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে বিএনপি আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তা বাস্তবায়নের চেষ্টা করে।
তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানী প্রদানের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে কথা বললে দমন-পীড়ন, মামলা ও গুমের ঘটনা ঘটত। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ একটি কঠিন সময় পার করে এখন গণতান্ত্রিক ও পুনর্গঠনের পথে এগোচ্ছে। শুধু স্বাধীনতা অর্জন নয়, এখন দেশের পুনর্গঠনই মূল কাজ।
কুমিল্লা বিভাগ ইস্যুতে তিনি বলেন, জনগণের চাহিদা ও সমর্থন থাকলে বিষয়টি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত আলোচনা করবেন বলেও উল্লেখ করেন।

