হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সঠিক সেবা নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নিয়মিত রুটিন কাজের অংশ হিসেবে তিনি প্রতি সপ্তাহেই বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। তার লক্ষ্য হলো চিকিৎসাসেবা উন্নত করা, হাসপাতালের পরিবেশ ঠিক রাখা এবং দালাল চক্রের প্রভাব কমানো।
তিনি আরও বলেন, বর্তমানে হামের তুলনায় নিউমোনিয়ার সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। সরকার হাম প্রতিরোধ ও মৃত্যুহার কমাতে দ্রুত টিকাদান কার্যক্রম চালাচ্ছে, যদিও এর পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগবে।
পরিস্থিতি খারাপ হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং যেসব হাসপাতালে ভেন্টিলেটরের ঘাটতি রয়েছে, সেখানে তা দ্রুত স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

