বরিশাল প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬-কে কেন্দ্র করে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করার লক্ষ্যে বাকেরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গবাদিপশুর খাদ্যে ও শরীরে ক্ষতিকর স্টেরয়েডজাতীয় ওষুধের ব্যবহার বন্ধ এবং লাইসেন্সবিহীন রাসায়নিক হরমোন বিক্রি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৪ মে ২০২৬ ইং তারিখে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তন্ময় হালদার-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে কারিগরি সহায়তা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন।
অভিযান চলাকালীন উপজেলার বিভিন্ন মেডিসিন ও ফিডের দোকানে তল্লাশি চালানো হয়। এসময় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর বিভিন্ন ধারায় মোট ৩ জন ব্যবসায়ীকে আটক করা হয়।
অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের সর্বমোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তন্ময় হালদার জানান , গবাদিপশুকে মোটাতাজাকরণে স্টেরয়েড ও ক্ষতিকর হরমোনের ব্যবহার বন্ধ করা। নিবন্ধিত ভেটেরিনারি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রয় রোধ।
সাধারণ খামারি ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আসন্ন কোরবানির ঈদে সাধারণ মানুষ যাতে সুস্থ ও নিরাপদ পশুর মাংস পেতে পারে, সেজন্য এই তদারকি অব্যাহত থাকবে।
ঈদ-উল-আযহা পর্যন্ত মাঠ পর্যায়ে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো অসাধু চক্র যাতে পশুখাদ্যে ভেজাল বা নিষিদ্ধ রাসায়নিক মিশিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

