আফগানিস্তানের অন্যতম শীর্ষ বেসরকারি সংবাদমাধ্যম TOLO News-এর দুই সাংবাদিককে আটক করেছে তালেবান কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের এক প্রতিবেদনে আফগান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এর পোস্টে বলা হয়, আটক হওয়া দুই সাংবাদিক হলেন ইমরান দানিশ ও মানসুর নিয়াজি। কাবুল থেকে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়।
টোলো নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো তাদের জানিয়েছে যে আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবাইব গোফরান জানিয়েছেন, কয়েক দিন আগে নিরাপত্তা বাহিনী ওই দুই সাংবাদিককে আটক করে এবং বর্তমানে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে আটকের সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন Committee to Protect Journalists উদ্বেগ প্রকাশ করেছে এবং আটক সাংবাদিকদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।
স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আফগানিস্তান মিডিয়া সাপোর্ট অর্গানাইজেশনও ঘটনার স্বচ্ছ ব্যাখ্যা না থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, এ ঘটনা আবারও আফগানিস্তানে সাংবাদিক নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।

