যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান রাজনৈতিক অঙ্গনের আলোচিত নেতা ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ৯ বছর পর আবারও চীন সফরে যাচ্ছেন। মঙ্গলবার (১৩ মে) তিনি মেরিল্যান্ডের জয়েন্ট বেইজ অ্যান্ড্রুস থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে।
হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, চীন পৌঁছানোর পর ট্রাম্পকে উচ্চপর্যায়ের প্রটোকলের মাধ্যমে রাজকীয় সংবর্ধনা দেওয়া হতে পারে। সফরের অংশ হিসেবে পরদিন তিনি চীনের শীর্ষ নেতা শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
সফরসূচি অনুযায়ী, বৈঠকের পর ট্রাম্প ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শন করবেন এবং পরে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।
এবারের সফরে যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরাও তার সঙ্গে রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে আছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকসহ আরও কয়েকজন শীর্ষ কর্পোরেট নেতা।
বিশ্লেষকদের মতে, এই সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বাণিজ্য ও শুল্কনীতি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চীনা সংবাদমাধ্যম সূত্রে আরও বলা হয়েছে, সফরকে কেন্দ্র করে বেইজিংয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে।

