ইরান যুদ্ধসংক্রান্ত সংবাদ কাভারেজ নিয়ে মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান সামরিকভাবে শক্ত অবস্থানে রয়েছে—এ ধরনের প্রতিবেদনকে তিনি “ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা” হিসেবে উল্লেখ করেছেন।
বুধবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন শত্রুপক্ষকে সহায়তা করছে এবং ইরানকে অযথা আশা দিচ্ছে। তবে কোন গণমাধ্যমের প্রতিবেদনকে তিনি ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি।
তিনি লেখেন, তারা শত্রুকে সহায়তা করেই যাচ্ছে। এতে শুধু ইরান মিথ্যা আশা পাচ্ছে, যা তাদের পাওয়ার কথা নয়।
আরও বলেন, শুধু পরাজিত, অকৃতজ্ঞ ও বোকা লোকেরাই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে।
এর আগেও ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের কারণে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানা গেছে—যুদ্ধসংক্রান্ত প্রতিবেদনের তথ্যসূত্র শনাক্ত করতে সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারির জন্য মার্কিন বিচার বিভাগকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন ট্রাম্প।

