মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ২৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পৌর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে জেলা শহরের মেড্ডা এলাকা থেকে আবু বক্কর রিফাত (২৫) নামের ওই নেতাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিলের পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। একই দিন রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাসিরকে।
গ্রেফতার রিফাত নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি শহরের পাইকপাড়া এলাকায় বসবাস করছেন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।
এর আগে, মঙ্গলবার সকালে পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন।
রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলকে কেন্দ্র করে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।
এদিকে, মিছিলের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। একপর্যায়ে তারা মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারের দাবিতে সদর মডেল থানা ঘেরাও করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহের কাজ চলছে।

