ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ নুরুল আলম এবং তার ছেলে নুর হাসনাত নীরব। তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুনশি বাজার এলাকায়। নুরুল আলম পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। পথে হাফেজিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী দাউদকান্দি এক্সপ্রেসের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে নীরবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মরদেহ দুটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

