ক্রাইম রিপোর্টার:
রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সদ্যপুস্কুরনী ইউনিয়নের পশ্চিম কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সদ্যপুস্কুরনী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কেশবপুর গ্রামে মোছাঃ শারমিন আক্তার (৩১) এর নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের উত্তর পাশে খাটের উপর রাখা একটি বালিশের খালি কভারের ভিতরে পলিথিনে সংরক্ষিত ৩০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে আলামতের ওজন নিশ্চিত করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা বলে জানা গেছে।
গ্রেফতারকৃত শারমিন আক্তার পশ্চিম কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি স্বামী মোঃ আক্তারুলের স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

