ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে মাদকের টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রাফির (২১) বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও বোন।
রোববার (১০ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লাকি বেগম স্থানীয় বাসিন্দা মো. মোস্তফার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক কেনার জন্য রাফি তার মায়ের কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে বাবা মো. মোস্তফা ও বোন মিথিলাকেও ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথে মারা যান লাকি বেগম। আহত বাবা ও মেয়েকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রাফিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী হওয়ায় ওই এলাকায় মাদক সেবন ও পাচারের প্রবণতা দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে।

