ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সোমবার (১১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করার পরপরই বাজারে অস্থিরতা দেখা দেয়।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.০৬ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২.৭ শতাংশ বেড়ে ৯৭.৯৭ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থার কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে।
জেপি মরগানের এক বিশ্লেষকের মতে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্য ব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হচ্ছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা না কমলে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেলের দামে আরও বড় প্রভাব পড়তে পারে।

