শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরও কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় রয়েছে।
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর’ উদ্বোধন ও ‘এডুকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, দেশের বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৭টি তুলনামূলকভাবে ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, শিক্ষা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে এ ধরনের উদ্যোগকে তিনি সমর্থন করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পাকিস্তানের কিছু মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগও তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে আল্লামা ইকবাল স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন।

