নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে জানা গেছে।
শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই আক্রমণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য ছিলেন।
এ বিষয়ে এখনো সংগঠনটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।”
উল্লেখ্য, গত ৭ মে খাগড়াছড়ির পানছড়ি বাজার এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সদস্য ও কথিত কালেক্টর ইমনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার জন্য প্রসীতপন্থি ইউপিডিএফকে দায়ী করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ইমন হত্যার জের ধরে প্রতিপক্ষ গ্রুপ এ হামলায় জড়িত থাকতে পারে।

