ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতায় রাজধানীর রায়েরবাজার, বছিলা ও পূর্বাচলে নতুন থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এর খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বছিলা পুলিশ লাইন্স এলাকায় ইতোমধ্যে একটি বড় পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজও চলছে।
এদিকে মো. আলী হোসেন ফকির বলেন, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে অতীতে পুলিশ সপ্তাহ নিয়মিতভাবে পালন করা যায়নি। তবে নতুন সরকারের সময়ে এটি নতুন আঙ্গিকে আয়োজন করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ২০ হাজার এবং এর মধ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার সদস্যের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। পুলিশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

