আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার গুণগত মানোন্নয়ন ও একাডেমিক আধুনিকায়নের লক্ষ্যে ‘আউটকাম বেজড এডুকেশন’ (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক দ্বিতীয় ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, “গত ৩ মে থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম পদ্ধতি অনুসরণ করে পাঠদান শুরু হয়েছে। সবার আন্তরিক সহযোগিতায় চবিতে ওবিই কারিকুলাম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে আমি আশাবাদী।”
উপাচার্য আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ওবিই কারিকুলামের বিকল্প নেই। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। এ সময় তিনি ওবিই বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি ওবিই কারিকুলামের সফল বাস্তবায়নে কোর্স শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, শিখন-শেখানো কৌশল এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনার সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। এতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের কোর্স পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
কর্মশালায় একাডেমিক ক্যালেন্ডার, প্রথম সেমিস্টারের টাইমলাইন এবং কোর্স শিক্ষক সংশ্লিষ্ট জিআরআর বিষয়ে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

