দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর বিরলে চাঁদা দাবিকে কেন্দ্র করে ছাত্রদল নেতা সাদিকুল ইসলাম ও তার মায়ের ওপর হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন।
আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে আহত ছাত্র নেতা নিজেইবাদী হয়ে এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের রামচন্দ্রপুর (বটতলী বাজার) এলাকার বাসিন্দা মোঃ সাদিকুল ইসলাম (২৬) গত ৫ মে ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়িতে এ হামলার শিকার হন।
অভিযুক্তরা হলেন—মোঃ কালু (৩৬), মোঃ হাবুল (৬০), মোঃ খায়রুল ইসলাম (৪৫), মোঃ আলম (৩৫), মোঃ জাহেদুল ইসলাম (৩৫), মোঃ বাবলু (৩৮), মোঃ মিম (২০) ও মোঃ লাইসুর রহমান (৩০)।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা মূলত মাদক সেবনে বাধা দেওয়ায় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সাদিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। তারা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় তাকে মারধর করা হয় এবং মাথায় গুরুতর আঘাত করা হয়। এ সময় তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
সাদিকুল ইসলামের মা মোছাঃ জবা বেগম ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়। আহত ছাত্রনেতার সাদিকুল ইসলামকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ বিষয়ে বিরল থানা কর্তৃপক্ষকে এজাহার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্ত কারীদেরকে গ্রেফতার করা হবে বলেও তিনি জানিয়েছেন।

