ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত আলোচনায় অংশ নেন।
তিনি বলেন, ভারতের নির্বাচন তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ তার নিজস্ব কূটনৈতিক অবস্থান বজায় রেখে ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই পররাষ্ট্রনীতি পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ভারতে যে সরকারই গঠিত হোক না কেন, বাংলাদেশের নীতিতে তার প্রভাব পড়বে না।
প্রতিমন্ত্রী আরও জানান, পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।
ডিসি সম্মেলনে আলোচনার বিষয়ে তিনি বলেন, অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বাড়ানো জরুরি। দালাল চক্রের মাধ্যমে বিদেশে গিয়ে অনেক নাগরিক ঝুঁকির মধ্যে পড়ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এসব প্রতিরোধে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকরা চাইলে যেকোনো সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে মতামত বা পরামর্শ দিতে পারবেন। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও যোগাযোগের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

