শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে শহরের কয়া মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের বসুনিয়া মোড়ে এ ঘটনা ঘটে। একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত।
স্থানীয়রা জানান, হোটেলের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পাশের দোকানগুলোতেও আগুন ধরে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, হোটেল ব্যবসায়ী বাবলু (১ লাখ), অটো পার্টস দোকান মালিক মো. আলম (৪ লাখ ৪০ হাজার), ওয়েল্ডিং ওয়ার্কশপ মালিক দুলাল হোসেন (২ লাখ ২০ হাজার), কাপড়ের দোকান মালিক মো. শরিফুল ইসলাম (২ লাখ) ও ব্রয়লার মুরগী ব্যবসায়ী আব্দুল মজিদ (৪০ হাজার)।
সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু হাশেম বলেন, ৫ টি দোকানের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। আমাদের ২ টি ইউনিটের তৎপরতায় মাত্র ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এতে প্রায় ২০ লাখ মালামাল উদ্ধার করে ক্ষতির পরিমাণ কমানো গেছে।

