রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারকারীদের কবল থেকে অত্যন্ত বিরল প্রজাতির একটি ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan Night Heron) পাখি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বনবিভাগের অফিস সহকারী ওসমান গণিসহ বনবিভাগের একটি চৌকস দল ব্যাঙছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া বনবিভাগ সদস্য ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে পাচারের উদ্দেশ্যে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ”উদ্ধারকৃত পাখিটি বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। এটি বেশ বিরল প্রজাতির একটি পাখি। আমরা ইতিমধ্যে পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মালায়ন নাইট হিরোন বা মালয় নাইট হেরন (বৈজ্ঞানিক নাম: Gorsachius\ melanolophus) মূলত দক্ষিণ ও পূর্ব এশিয়ায় দেখা যায়। এটি ‘টাইগার বিটার্ন’ নামেও পরিচিত। বাংলাদেশে এই পাখির দেখা মেলা অত্যন্ত দুষ্কর। কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে কদাচিৎ এই পাখির বিচরণ দেখা যায় বলে পরিবেশবাদীরা জানিয়েছেন।
বন কর্মকর্তারা ধারণা করছেন, পাচারকারীরা এই বিরল পাখিটি গহীন বন থেকে ধরে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও বনবিভাগ সূত্রে জানা গেছে।

