সোমবার (৪ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিম ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। সেখানে দাবি করা হয়, রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে তাকে বিয়ে করতে রাজি কঙ্গনা রানাউত। বিষয়টি নিয়ে দ্রুতই অনলাইনে বিতর্ক তৈরি হয়।
সম্প্রতি রাঘব চাড্ডার একটি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর রাহুল গান্ধীকে নিয়েও একই ধরনের মিম ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই পোস্টে কঙ্গনার নামে একটি মন্তব্য যুক্ত করা হয়, যা অনেকেই সত্য ভেবে শেয়ার করতে থাকেন।
তবে বিষয়টি নজরে আসতেই নিজের অবস্থান পরিষ্কার করেন কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ওই মিমটি শেয়ার করে লেখেন, এটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, রাজনীতিতে নারীদের নিয়ে এমন মিথ্যা প্রচার অত্যন্ত নিন্দনীয়। যারা এসব ছড়াচ্ছে তাদের লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে কঙ্গনা সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সিনেমা জগতেও তার উপস্থিতি রয়েছে। শিগগিরই তাকে নতুন একটি চলচ্চিত্র প্রকল্পে দেখা যেতে পারে, যা ‘কুইন’ সিনেমার স্পিরিটে তৈরি হলেও আলাদা শিরোনামে মুক্তি পাবে বলে জানা গেছে।

