আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের সুবিধার্থে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একইসঙ্গে ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।
ঈদযাত্রার অংশ হিসেবে ১৩ মে দেওয়া হবে ২৩ মের ট্রেনের টিকিট। এরপর ১৪ মে ২৪ মের, ১৫ মে ২৫ মের এবং ১৬ মে ২৬ মের টিকিট বিক্রি করা হবে। পরবর্তী ধাপে ১৭ মের যাত্রার টিকিট পাওয়া যাবে ২৭ মে।
অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট ২১ মে থেকে বিক্রি শুরু হবে। ওই দিন ইস্যু করা হবে ৩১ মের টিকিট। এরপর ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুনের টিকিট পাওয়া যাবে।
রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদের যাওয়া ও আসার ক্ষেত্রে আলাদাভাবে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট নেওয়া যাবে।
এছাড়া অগ্রিম টিকিট রিফান্ডের সুযোগ থাকবে না। যাত্রী চাহিদার ভিত্তিতে যাত্রার দিনে মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

