দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদনকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
আজ রবিবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে শহরের নিমতলা এলাকা থেকে দিনাজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নিমতলা থেকে মডার্ন মোড়, জেলখানা রোড হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে লিলির মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা ‘অবৈধ কমিটি বাতিল কর’, ‘টাকা নিয়ে কমিটি দিলে সেই কমিটি মানি না’—এমন বিভিন্ন স্লোগান দেন। পরে লিলির মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিক্ষোভকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভে নেতৃত্বদানকারী পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহান বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে আব্দুর রাজ্জাককে আহ্বায়ক ও রিফাত চৌধুরীকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সাধারণ নেতাকর্মীরা মেনে নিতে পারছে না। আমরা দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানাই।
মিছিলে অংশ নেওয়া ছাত্রদল নেতা মিনার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে যারা আন্দোলন-সংগ্রামে ছিল, তাদের উপেক্ষা করে বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে। এতে আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। দ্রুত এই কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
আরেক ছাত্রনেতা শাহ নেওয়াজ হ্যাপী বলেন, যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে আনা হলে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তাই বিতর্কিতদের বাদ দিয়ে নতুন করে নেতৃত্ব নির্ধারণ জরুরি।
অন্যদিকে আনন্দ মিছিল, এদিকে একই দিনে জেলা ছাত্রদলের নবঘোষিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের আরেকটি অংশ আনন্দ মিছিল করেছে। তারা নবনিযুক্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব রিফাত চৌধুরীকে শুভেচ্ছা জানান।
আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর আহ্বান জানাচ্ছি।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে কমিটি ঘোষণার জন্য অভিনন্দন জানানো হয়।
একই ইস্যুতে ছাত্রদলের ভেতরে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে বিক্ষোভ ও প্রতিবাদ, অন্যদিকে আনন্দ মিছিল—দুই ধরনের কর্মসূচি সংগঠনটির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।


