তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীর বঙ্গোপসাগরের মোহনায় অবৈধভাবে ফাঁদ পেতে পোনা মাছ শিকারের দায়ে দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (০১ মে) রাত ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া লঞ্চঘাটসংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন-পটুয়াখালীর বাউফল উপজেলার তানজিল মোল্লা (২৫) ও জোবায়ের (২০)। আটকৃতদের জিজ্ঞাসাবাদে আরও চার সহযোগীর নাম জানা গেছে। তারা হলেন—ইসমাইল বেপারী, সাইফুল বেপারী, সিদ্দিক বেপারী ও জুয়েল মোল্লা। তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া লঞ্চঘাটসংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করে বড় ফাদ দিয়ে মাছ শিকার করা অবস্থায় দুই ছেলেকে আটক করা হয়। তাদের ব্যবহৃত বড় আকারের দুটি চাই (ফাঁদ) উদ্ধার করা হলেও পরে ক্ষুব্ধ জনতা তা আগুনে পুড়িয়ে দেয়। এসময় তাঁদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এরপর আটককৃতদের রবিবার দুপুরে তালতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
তালতলীর নিদ্রা-সখিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, “ইঞ্জিনচালিত নৌকা ও বড় ফাঁদ ব্যবহার করে পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ নির্বিচারে আহরণ করা হচ্ছিল। এটি চলতে থাকলে নদীর মাছের প্রাকৃতিক পুনরুৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই অবৈধভাবে মাছ শিকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের আদালতের কারাগারে পাঠানোর হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

