চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় মাদ্রাসা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, দাপ্তরিক কাজে বাধা এবং অফিসে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রহিম।
শুক্রবার (১ মে) শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর বাবু বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২০ ফেব্রুয়ারি সরকারি বিধি অনুযায়ী ৩য় ও ৪র্থ শ্রেণির চারটি পদে নিয়োগ দেওয়ার পর থেকেই স্থানীয় ইফতাখার আলম বাবু ও তার সহযোগীরা মাদ্রাসার কাজে বাধা সৃষ্টি করে আসছেন।
তিনি জানান, ১৬ এপ্রিল দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বাধা দিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এক পর্যায়ে তাকে কক্ষের মধ্যে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
অধ্যক্ষ আরও অভিযোগ করেন, ২৬ এপ্রিল মাদ্রাসার কম্পিউটার কক্ষে কাজ চলাকালে দলবল নিয়ে ঢুকে কর্মচারীদের গালিগালাজ ও লাঞ্ছিত করা হয় এবং অফিস কক্ষে তালা দিয়ে মব সৃষ্টি করা হয়। এরপর তিনি থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন।
অন্যদিকে অভিযুক্ত ইফতাখার আলম বাবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো রাজনৈতিক পদে নেই এবং চাঁদা দাবির বিষয়টি মিথ্যা। বরং মাদ্রাসার অনিয়মের বিরুদ্ধে স্থানীয়দের নিয়ে প্রতিবাদ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উভয় পক্ষকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

