সত্যজিৎ দাস:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেটে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন,জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন সংগঠনের সভাপতি আনিস খান,সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুখ জলিলসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।
মিছিল শেষে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন।
বক্তারা সিলেটের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রিকশা শ্রমিকদের ওপর চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানান। তারা বলেন,শ্রমিকদের জীবিকার প্রশ্নটি মানবিকভাবে বিবেচনা করে সংকট নিরসনে সংগঠনের প্রস্তাবিত ১১ দফা দাবি দ্রুত মেনে নিতে হবে।
সমাবেশে বক্তারা আরও সতর্ক করে বলেন, শ্রমিকদের কর্মসংস্থানের উপায় ধ্বংসের কোনো চেষ্টা করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সভাপতি আনিস খান তার বক্তব্যে বলেন, “রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকরা শহরের পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলা ও হয়রানির শিকার। আমরা চাই,প্রশাসন বাস্তবতা বুঝে শ্রমিকদের অধিকার নিশ্চিত করুক এবং তাদের জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিক।”
নেতৃবৃন্দ মহান মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তারা।

