রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আজ বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স যে প্রাণশক্তি হিসেবে কাজ করছে, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারা আরও বিস্তৃত করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রমকল্যাণের ভিত্তিকে শক্তিশালী করে। ১৯৭৬ সালে তিনি মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন, শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু এবং নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকরাই মূল চালিকাশক্তি। শিল্প, কৃষি, পরিবহন, নির্মাণ ও গৃহকর্মসহ সব খাতে তাদের অবদান অপরিসীম। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক খাত দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস।
রাষ্ট্রপতি শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি নারী শ্রমিকদের সমকাজে সমান মজুরি, মাতৃত্বকালীন ছুটি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

