ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে প্রায় ৪ কোটি টাকার অবৈধ ও নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আখাউড়া কাস্টমস হাউজ এলাকায় এসব পণ্য ধ্বংস করা হয়।
কাস্টমস সূত্র জানায়, বিজিবি ও পুলিশের অভিযানে বিভিন্ন সময় জব্দ করা এসব পণ্য দীর্ঘদিন গুদামে পড়ে ছিল। নিলামে বিক্রির উপযোগী না হওয়ায় এবং জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি থাকায় এগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।
ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ভারতীয় শাড়ি, থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ, আমদানি নিষিদ্ধ আতশবাজি, বিড়ি-সিগারেটসহ মোট ১৭ ধরনের সামগ্রী। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান বলেন, নিয়মিত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে। মোট ৯৪৬টি জিআরভুক্ত পণ্য এ সময় ধ্বংস করা হয়, যার বড় অংশই ছিল অবৈধ আতশবাজি।

