বিরোধী দলের আপত্তির মধ্যেই জাতীয় সংসদে দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ সংস্থার আইন সংশোধন বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) (সংশোধন) বিল ২০২৬ কণ্ঠভোটে অনুমোদন পায়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি সংসদে উত্থাপন করেন। বিরোধী পক্ষ থেকে আপত্তি জানানো হলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে বিল দুটি পাস হয়।
সংশোধিত আইনে বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ৬৫ বছর বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। একইভাবে আইডিআরএ আইনে থাকা ৬৭ বছর বয়সসীমা সংক্রান্ত বিধানও বাতিল করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সংশোধনের উদ্দেশ্য হলো অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়ন্ত্রণ সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত রাখার সুযোগ তৈরি করা এবং আইনকে আরও সময়োপযোগী করা।

