স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে হামে আক্রান্ত শিশুদের বড় একটি অংশই টিকাবিহীন। তাদের তথ্য অনুযায়ী, আক্রান্তদের প্রায় ৭৪ শতাংশ কোনো টিকা নেয়নি এবং প্রায় ১৪ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছিল।
বুধবার (২৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চলমান থাকায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আক্রান্তের হার কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৮৮ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে সব রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি মোকাবিলায় রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

