মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্ত এলাকা থেকে বিজিবির টহল দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন— শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ফুলদী ইউনিয়নের নলকুড়া গ্রামের জোহর আলীর মেয়ে ঝর্না (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি মাইজকার গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে কানাই চন্দ্র সরকার (৩০)।
বিজিবি সূত্র জানায়, আটককৃতদের একইদিনে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্তের তালিকাভুক্ত মানব পাচারকারী হাসানের মাধ্যমে অর্থের বিনিময়ে তারা ভারত থেকে দেশে প্রবেশ করেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, হাসান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবপাচার কার্যক্রমের সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।
বিজিবি আরও জানায়, প্রায় এক মাস আগে ঝর্না হবিগঞ্জ সীমান্ত দিয়ে কাজের উদ্দেশ্যে এবং কানাই চন্দ্র সরকার কসবা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
এ বিষয়ে সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের আখাউড়া কর্নেলবাজার বিওপির হাবিলদার মো. ইলিয়াস হোসেন জানান, শিবনগর ২০২৬ মেইন পিলার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদের আটক করে।

