জাবেদ শেখ, জেলা প্রতিনিধি শরীয়তপুর:
নড়িয়া সরকারি কলেজছাত্রী তানজিলা হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নড়িয়া কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আমার বোনের খুনি কেন বাইরে ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে নিহত তানজিলার বড় বোন শাকিলা অভিযোগ করে বলেন, তার বোনকে স্বামী অপু বেপারি নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান। ঘটনার পর নড়িয়া থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে মামলা গ্রহণে টালবাহানা করে। পরে তাদের অভিযোগ অনুযায়ী হত্যা মামলা না নিয়ে আত্মহত্যার প্ররোচনা (ধারা ৩০৬) হিসেবে মামলা রুজু করা হয়, যা তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে।
তিনি আরও বলেন, মামলাটিকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে নেওয়া হয়েছে এবং তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।
নিহতের বড় ভাই বলেন, আমরা আমাদের বোনের শেষ মুখটাও দেখতে পারিনি, জানাজাতেও দাঁড়াতে পারিনি। ন্যায়বিচারের দাবিতে আজ এখানে দাঁড়িয়েছি। তিনি অভিযোগ করেন, মামলা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়ায় নানা অনিয়ম হয়েছে এবং আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের সহপাঠীর এমন নির্মম হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
এদিকে মানববন্ধনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইমরান আল নাজির নিহতের ছবি হাতে নিয়ে বলেন, নিহতের শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন থাকলেও ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ না করায় প্রশ্ন উঠেছে। তিনি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্ত, মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

