ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা স্কুল অব ব্রডকাস্ট জার্নালিজম (ডিএসবিজে) এবং রবিন ডেন্টালের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই চুক্তির মাধ্যমে ডিএসবিজে-র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ৩০ শতাংশ ছাড়ে ডেন্টাল চিকিৎসা সেবা পাবেন।
চুক্তিতে ডিএসবিজের পক্ষে স্বাক্ষর করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ডিএসবিজে স্টাডিজ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. দিপু সিদ্দিকী। অন্যদিকে রবিন ডেন্টালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সিনিয়র চিকিৎসক রথীন্দ্রনাথ রায় রবিন।
অনুষ্ঠান শেষে ড. দিপু সিদ্দিকী ডক্টর রবিনকে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা একটি নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে মানবিক সম্পর্ক আরও দৃঢ় করবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসবিজে-র অধ্যক্ষ এবং এনআইএমসি পরিচালক ড. মারুফ নওয়াজ। তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক ও স্বাস্থ্যসচেতন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুকরণীয় দৃষ্টান্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ এবং অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় সংশ্লিষ্ট সবাই অগ্রাধিকার ভিত্তিতে বিশেষায়িত ডেন্টাল সেবা পাবেন। একই সঙ্গে ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও উঠে আসে।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা প্রদান ও নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

