দেশের ২০ জেলায় আজ সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে প্রকাশিত পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নৌযানগুলোকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

